রাষ্ট্রায়ত্ত খাতে বন্ধ পাটকল চালুর দাবি

বন্ধ পাটকলগুলো পিপিপির পরিবর্তে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত খাতে চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখা। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে পাটকল বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকার করায় তাদের আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখা।
বন্ধ পাটকল খুলে দেওয়া, শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ, রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই পাটকলগুলো আধুনিকায়ন, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ, করোনায় কর্মহীন অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী মানুষকে ছয় মাসের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে পাটকলগুলো বন্ধ করে দেওয়া চরম অমানবিক। সরকারের কাছে আমাদের দাবি– অবিলম্বে আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনায় বন্ধ পাটকলগুলো আবার চালু করা হোক। পাশাপাশি আগের শ্রমিক-কর্মচারীদের তাদের নিজ নিজ কর্মস্থলে নিয়োগ দিতে হবে।’
চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফের সভাপত্বিতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য মোক্তার আহমদ, আমিন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।




