আইন আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সরোয়ার খান।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদ হোসেন তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলার অন্য আসামি বেসরকারি টেলিভিশন একুশে টিভির (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আটক রয়েছেন।
২০১৫ সালের ৮ জানুয়ারিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচারিত হয়। এরপর ৬ জানুয়ারি তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button