শিক্ষাশিরোনাম

রাবির দুই ছাত্রীকে উত্যক্ত : গ্রেফতার ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শিহাব আল কুরাইশ নামের এক শিক্ষার্থীর করা মামলায় অভিযান চালিয়ে দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রবিউল ইসলাম রবি ও সিরাজুল ইসলাম। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্যক্ত করে। শোভন, নাইম ও মাজাহার নামে তিনজন শিক্ষার্থী এর প্রতিবাদ করায় তাদেরকেও মারধর করে বখাটেরা। এ ঘটনায় আহত তিনজনই বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রোববার রাতে বিনোদপুর বাজারে দুই ছাত্রীকে স্থানীয় কয়েকজন বখাটে উত্যক্ত করে। তাদের বন্ধুরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাদেরকেও মারধর করে। এ ঘটনায় সোমবার শিহাব আল কুরাইশ নামে এক শিক্ষার্থী আটজনের নাম উল্লেখ করে মতিহার থানায় মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, মামলার পরই অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি বিনোদপুর এলাকার রবিউল ইসলাম রবি ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। দু’জনের বিরুদ্ধেই মাদকসহ একাধিক মামলা রয়েছে। অন্য আসামিদেরও ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘটনায় জড়িত বখাটেদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছি, স্থানীয়দের মার খাওয়ার জন্য নয়। প্রতিটি শিক্ষার্থী নির্যাতনের শিকার। এটি কোন বিছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমরা এসবের পুনরাবৃত্তি চাইনা। স্থানীয় সন্ত্রাসীরা, নেশাখোররা সুযোগ পেলেই আক্রমণ করে। এজন্য সকল শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে। অপরাধীদের প্রতিহত করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এক শিক্ষার্থী মতিহার থানায় মামলা করেছে। দুইজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশকে আরও তৎপর হওয়ার কথা বলেছি। যাতে আসামিদের ধরতে কোনো ধরণের শিথিলতা না করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button