slider

রাজশাহীতে ভারত সীমান্ত থেকে দুই তরুণের লাশ উদ্ধার

জীবিকার খোঁজে সীমান্তপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই তরুণ। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। অবশেষে লাশ হয়ে ঘরে ফিরলেন তারা।

শনিবার উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকার পদ্মার খাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সকালে খাড়ির পানিতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তারা হলেন গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন মুসা (১৯) এবং একই গ্রামের মো: শুকুরদীর ছেলে কাউসার আলী (১৮)।

পুলিশের একটি সূত্র জানায়, এ দুই তরুণ কাজের খোঁজে গত ১৯ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন গণমাধ্যমকে জানান, যেখানে লাশ ভাসছিল, সেই স্থান সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে। এলাকাটির নাম চর হনুমন্তনগর। গত ১৯ ডিসেম্বর ৭-৮ জন কাজের খোঁজে ভারতের চেন্নাই যাচ্ছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়ায় ৫-৬ জন ফিরে আসেন। তাদের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ভারতে যাওয়ার পথে সীমান্ত অতিক্রম করতে না পেরে ফিরে এসেছিলেন তারা। এর মধ্যে এই দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএসএফের ধাওয়ায় হয়তো তারা পানিতে পড়ে যান। যারা ধাওয়া খেয়ে গ্রামে ফিরেছেন, তারাও দু’জনের মৃত্যুর ব্যাপারে কিছু বলতে পারছেন না। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিজিবির একটি সূত্র জানায়, ওই দুই তরুণের পরিবার দুই দিন আগে তাদের নিখোঁজ থাকার বিষয়টি বিজিবিকে জানিয়েছিল। পরে বিজিবির তরফ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তখন বিএসএফ তাদের বিষয়ে কিছু জানে না বলে বিজিবির কাছে দাবি করেছিল। আর শনিবার সকালে দুই তরুণের লাশ উদ্ধারের কথা তারা শুনেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button