
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একশ’ কেজি লুজ গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। এ সময় গ্রেপ্তার করেছে দুই মাদক ব্যবসায়ীকে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ডিএমপি।
গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মো. জসিম উদ্দিনের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরে ইশা খাঁ রোডের পশ্চিম মাথায় ঢাকা-ময়মনসিংহ রোডের ফুট ওভার ব্রিজের নিচে অভিযান চালায় পুলিশ।
পূর্ব পার্শ্বে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে মো. সুমন ওরফে নোয়াখাইল্যা সুমন (৩৬) এবং মোসা. শিউলি বেগমকে আটক করে। এ সময় দুজন পালিয়ে যায়।
এ সময় আটক দুই আসামির কাছ থেকে মিনিট্রাকে বিশেষ উপায়ে তৈরি বক্স থেকে ২৬ প্যাকেট লুজ গাঁজা উদ্ধার করে, যার ওজন ১০০ কেজি।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।




