
মোঃকামরুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধি: পাহাড়ের বুকে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষ বহুকাল ধরে নিজস্ব ঐতিহ্য, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি লালন করে আসছে। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে।
সেই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসনের উদ্যোগে তনচংগ্যা জনগোষ্ঠীর হাতে হস্তান্তর করা হলো তাদের প্রাচীন ও দুর্লভ সাংস্কৃতিক সরঞ্জাম। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ করা শুধু তাদের নয়, আমাদের সবার দায়িত্ব। জেলা প্রশাসন এ কাজে সবসময় পাশে থাকবে।
তনচংগ্যা সম্প্রদায়ের প্রতিনিধিরা এই উদ্যোগকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানান এবং জেলা প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, জেলা প্রশাসনের এ কার্যক্রম কেবল সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের বহুমাত্রিক নৃতাত্ত্বিক বৈচিত্র্যকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙামাটি জেলা প্রশাসনের এই প্রচেষ্টা পাহাড়ের সংস্কৃতিকে নতুন প্রাণ দেবে এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে সবার প্রত্যাশা।



