
মো:সোহেল রানা,রাঙামাটি : রাঙামাটি জেনারেল হাসপাতালের পোশাক পরিবর্তন কক্ষ (নার্সেস চেঞ্জিং রুম) থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সাথী বড়ুয়া রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে রাঙামাটি জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে শুক্রবার সকালেও সহকর্মীদের সঙ্গে কথা বলেন সাথী বড়ুয়া। তিনি তখন নিজের শরীর খারাপের কথা জানান। পরে পোশাক পরিবর্তন কক্ষে (চেঞ্জিং রুম) প্রবেশ করেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সহকর্মীরা সন্দেহজনক মনে করে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তারা দেখতে পান—সাথী বড়ুয়া দড়িতে ঝুলছেন।
খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, “মরদেহ উদ্ধারের সময় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “সাথী বড়ুয়া বৃহস্পতিবার রাতে নাইট ডিউটি করেছিলেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপের সময় তিনি শরীর খারাপ লাগার কথা বলেন। এরপর চেঞ্জিং রুমে ঢোকার কিছুক্ষণ পরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় সহকর্মী ও হাসপাতালজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।




