
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রায় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্ত হন।
এনসিপি রাঙামাটি জেলা শাখার সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন এনসিপি জুরাছড়ি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সুরেশ কান্তি চাকমা। তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের আগ থেকেই আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা প্রত্যাশা করেছিলাম—এনসিপি সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে ভূমিকা রাখবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির একটি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে অবস্থান গ্রহণ আমাদের হতাশ করেছে। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তির সঙ্গেই আমরা পথচলা অব্যাহত রাখতে চাই এই লক্ষ্যেই স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে।তিনি নবাগত নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের পূর্বে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়



