রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৪ জন

রংপুর প্রতিনিধি : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে গত দুই দিনে ১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে মঙ্গলবার ১১ জন ও আগেরদিন সোমবার ৩ জন ছাড়পত্র নিয়েছেন।
যাদের ছাড়পত্র দেয়া হয়েছে তারা হলেন, ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফী ও তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু, রংপুর নগরীর বাসিন্দা জসিম উদ্দীন, রাশেদুন নবী, আল মুকিম, শাহজাহান আলী ও রাকিব শাহ, গোবিন্দগঞ্জের নাজমা, আব্দুল ফজল ও সাইদুল ইসলাম, পঞ্চগড় শহরের রেজাউল করিম , কুড়িগ্রাম শহরের আক্তার হোসেন , সৈয়দপুরের রশিদুল হক সরকার এবং নীলফামারীর সাংবাদিক আব্দুর রশিদ শাহ।। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ১৬৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী জানান, এই ১৪ জনের মধ্যে করোনার উপসর্গ না থাকায় নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতাল চালু হওয়ার পর এখন পর্যন্ত ২০৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নয়জন। বর্তমানে হাসপাতালে ৩০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে পাঁচজন আইসিইউতে চিকিৎসাধীন।




