রংপুরে বালুবোঝাই ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর নজিরেরহাট এলাকায় বালু বোঝাই ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান মিয়া(৭০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। তাদের গুরতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর মেট্রোপলিটান পুলিশের হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার সকালে মটর সাইকেল যোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান মিয়া তার নাতি সাঈদ ও চাচা রনি সহ তিনজনকে নিয়ে নজিরেরহাট বাজারে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাবেক পুলিশ সদস্য সুলতান মিয়া নিহত হন। এ সময় তার মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন তার সঙ্গে থাকা দু’জন। এলাকাবাসি ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এলাকাবাসি ও প্রত্যাক্ষদর্শীরা জানান- বালু বোঝাই ট্রাকটি ড্রাইভারের বদলে হেলপার বেপরোয়া ভাবে চালাচ্ছিলেন। কিন্তু তিনি সেটি নিয়ন্ত্রন করতে না পারায় দূর্ঘটনাটি ঘটেছে।
হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হলেও ড্রাইভার ও হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি।




