রংপুরে পরীক্ষা নেওয়ার দাবিতে মানবন্ধন ও সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি : সামাজিক দূরত্ব বজায় রেখে স্নাতক চূড়ান্ত পরীক্ষার নেওয়ার দাবিতে মানবন্ধন ও সড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানবন্ধন শেষে ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন তারা।
পরীক্ষার দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচীতে বাংলা, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পদার্থ, রসায়ন ও ইইইসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন সেসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোন উদ্যোগ নাই। শেষসেমিস্টারে আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।
শিক্ষার্থীরা বলেন, আমাদের আটকে থাকা পরীক্ষাগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হয় সেই দাবীতে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। মানববন্ধন শেষে আমরা প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচী পালন করব। যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সু¯পষ্ট কোনো আশ্বাস আসে।
পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, আগামী দুদিনের মধ্যে সিদ্ধান্ত না জানালে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মুখপাত্র তাবিউর রহমান প্রধান এবং সহকারী দুজন প্রক্টর তাদের সঙ্গে দেখা করেন। প্রশাসন আশ্বাস দিয়েছে, আজকালের মধ্যেই ইউজিসিকে চিঠি দিয়ে পরীক্ষা নেয়ার ব্যাপারে জানাবেন তারা।
তাবিউর রহমান প্রধান বলেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবী নিয়ে আন্দোলনে নেমেছিলো।
আমরা প্রশাসন থেকে আশ্বাস দিয়েছি ইউজিসিকে এ বিষয়ে চিঠি পাঠাবো। সেখান থেকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।




