আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যে ১১টি দেশের শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না

যুক্তরাষ্ট্র ১২০ দিন বন্ধ রাখার পর আবারো শরণার্থী নেয়া শুরু করতে যাচ্ছে। তবে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ১১টি দেশ থেকে শরণার্থীদের নেয়া হবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদের অধিকাংশই মুসলিম অধ্যুষিত দেশ। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।
এক খবরে বলা হয়েছে, মার্কিন প্রশাসন ওই ১১টি দেশের নাম প্রকাশ করেনি। তবে প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের বিবৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন সংবাদমাধ্যম ওই ১১টি দেশের তালিকা প্রকাশ করেছে। এগুলো হচ্ছে : মিসর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ সুদান ছাড়া বাকি সব দেশই মুসলিম।
নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া স্থাপনে কর্মকর্তাদের অনুমতি দেয়ার পর এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। গত জানুয়ারি থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালান এবং গত জুন মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টের দেয়া এক সিদ্ধান্তের পর এক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার শরণার্থীবিষয়ক সহকারি পরিচালক জেনিফার হিগিন্স জানান, পর্যবেক্ষণের ফলাফলের অংশ হিসেবে প্রার্থীদের ‘বর্ধিত’ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি এবং যোগসূত্র খতিয়ে দেখা হবে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার জনগণের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
এদিকে ট্রাম্প মঙ্গলবার রাতে শরণার্থী বিষয়ে নতুন করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।
খবর : এএফপি ও পলিটিকো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button