যেভাবে জার্মানি জয় করছেন শাহরুখ খান

জার্মানদের বসার ঘরে পৌঁছে গেছে বলিউড সিনেমা৷ আর তা ঘটছে শাহরুখ খানের হাত ধরেই৷কিন্তু কীভাবে জার্মানদের মনের ঘরে স্থান করে নিল জনপ্রিয় এই তারকা?
‘বলিউড মিটস হলিউড’
২০১০ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ ছবিটি বিদেশের মাটিতে সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভি হিসেবে স্বীকৃতি পায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে নির্মিত ছবিটিতে নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়ার বিষয়টি তুলে ধরা হয়৷ ছবিটিতে তার সংলাপ ‘মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেরোরিস্ট’ ব্যাপক সাড়া জাগায়৷
বলিউড রফতানি
২০১৪ সালে মিউজিক্যাল কমেডি ড্রামা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তির পর একদিনে সর্বোচ্চ অর্থ আয় করা বলিউড ছবির রেকর্ড গড়ে৷ সেবছর ছবিটি জার্মানিতেও প্রদর্শিত হয়৷ এখন অবস্থা এমন যে, জার্মানিতে বলিউডের নাচ এবং রান্না শেখার পাশাপাশি বলিউডের পোশাকও বিক্রি হচ্ছে৷
বলিউডের রাজা
তার ক্যারিয়ারের গল্পটা বলিউডের অনেক সিনেমার গল্পের মতো৷ নতুন দিল্লিতে জন্ম নেয়া শাহরুখকে ক্যারিয়ারের শুরুতে অনেক পরিশ্রম করে সামনে এগোতে হয়েছে৷ পঞ্চাশ বছর বয়সি এই অভিনেতা ভারতের অন্যতম সফল অভিনেতাদের একজন৷ অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি৷

কোটি কোটি অনুসারী
বলিউডের রাজার ফেসবুক এবং টুইটারে বিশ মিলিয়ন করে অনুসারী রয়েছেন৷ ব্যক্তিগত বিভিন্ন বিষয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখান থেকে জানা গেছে তার ‘পোকেমন গো’ প্রেমের কথা৷
খলনায়ক থেকে নায়ক
ক্যারিয়ারের শুরুতে শাহরুখ খানকে দেখা যেত খলনায়কের চরিত্রে৷ তবে নব্বইয়ের দশকে বিভিন্ন রোমান্টিক ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করে তিনি চূড়ান্ত খ্যাতি অর্জন করেন৷ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি একটি সিনেমা হলে সবচেয়ে বেশিদিন ধরে চলার বিশ্বরেকর্ড গড়ে৷
বলিউডের জনপ্রিয় জুটি
গত ২২ বছর ধরে শাহরুখের পাশে আছেন কাজল৷ রূপালি পর্দায় সবচেয়ে সফল জুটি তারা৷ তবে বাস্তবে তারা অন্য সঙ্গীর সঙ্গে বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷
একজন আদর্শ স্বামী
বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান৷ পঁচিশ বছর ধরে সংসার করছেন তারা৷ শাহরুখের ক্যারিয়ারে স্ক্যান্ডালের ঘটনা তেমন একটা নেই৷ পারিবারিক জীবনে তিন সন্তানের জনক তিনি৷
একজন বিত্তবান
শাহরুখ খান এবং তার সহঅভিনেতা অক্ষয় কুমার ফোর্বসের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় স্থান করে নিয়েছেন৷ বলিউডের রাজার বাৎসরিক আয় তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার৷ কুমারের চেয়ে এই আয় বেশি হলেও হলিউডের সবচেয়ে ভালো আয় করা অভিনেত্রী জেনিফার লরেন্সের চেয়ে বেশ কম৷ ২৫ বছর বয়সি জেনিফারের বাৎসরিক আয় গত বছর ছিল ৪৬ মিলিয়ন মার্কিন ডলার৷
– ডিডব্লিউ




