যেকোনো সময় রুশ-মার্কিন যুদ্ধ!

তুরস্ক বলেছে, সিরিয়ায় চলমান সংঘাত অব্যাহত থাকলে রাশিয়া ও আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং সে যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু-কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, “যদি এই প্রক্সি যুদ্ধ অব্যাহত থাকে তাহলে আমি স্পষ্টত মনে করি- আমেরিকা ও রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়বে।” তিনি বলেন, সিরিয়ার চলমান দ্বন্দ্ব বিশ্বকে বড় ধরনের আঞ্চলিক কিংবা বৈশ্বিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
সিরিয়ার চলমান সংকটে তুরস্ক ও আমেরিকাসহ আঞ্চলিক এবং পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চাইছে; এর বিপরীতে রাশিয়া প্রথম থেকেই বাশার আসাদ সরকারকে সক্রিয় সমর্থন দিয়ে আসছে।
গত সপ্তাহে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। পাশাপাশি আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটারে হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। অন্যদিকে, আমেরিকার সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি ও প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। স্নায়ুযুদ্ধ অবসানের পর এতটা খারাপ সম্পর্ক রাশিয়া ও আমেরিকার মধ্যে কখনো ছিল না।
সূত্র : ওয়েবসাইট




