
সংবাদদাতা,রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন হতাকান্ডের ঘটনায় বিক্ষুব্দ লোকজন লংগদু সদর, মানিকজোরছড়া, তিনটিলাসহ বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে প্রায় শতাধিক ঘড়বাড়ি ভষ্মিভূত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাঙ্গামাটি জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লংগদুতে ১৪৪ জারি করেছে। এলাকায় পুলিশের পাশাপাশি সেনা বাহিনী ও বিজিবি টহল জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে নিহত নয়নের লাশ নিয়ে জানাজার উদ্দেশে যাওয়ার পথে বিক্ষুব্দ লোকজন এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। দুপুরে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লংগদু জোনের জোন কমান্ডার আব্দুল আলিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল সরোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করা হয় এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনা যতক্ষণ স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে নিহত নয়নের লাশ জানাজার পর বিকালে বাট্ট্যা পাড়া এলাকায় দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার যুবলীগ নেতা ও বাইক চালক নুরুল ইসলাম নয়নকে ২ জন পাহাড়ি যুবক খাগড়াছড়ি দীঘিনালা যাওয়ার জন্য সকালে ভাড়া করে নিয়ে যায়। ঐ দিন বিকালে বাইক চালকের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় খাগড়াছড়ি দিঘীনালা সড়কে পাশ্বর্বতী জঙ্গলে পাওয়া যায়। স্থানীয় বাঙালিদের অভিযোগ যে দুই জন যাত্রী ভাড়া করেছিল তারাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।




