যুদ্ধের মধ্য দিয়েই জঙ্গিদেরকে ধ্বংস করতে হবে-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত যদি জঙ্গিবাদকে প্রশ্রয় না দিতো, তবে অনেক আগেই জঙ্গিদমন সম্ভব হতো। তাই দল দেখে, মুখ দেখে জঙ্গিদমন হয় না, জঙ্গিদেরকে যুদ্ধের মধ্য দিয়েই এদের আশ্রয়-প্রশ্রয়দাতাসহ ধ্বংস করতে হবে।
ওসমানী মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। এর পাশাপাশি তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার চব্বিশ ঘণ্টা জেগে রয়েছে। আস্থা রাখুন, সাহায্য করুন, জঙ্গিবাদের ধ্বংস অনিবার্য।’
তথ্যমন্ত্রী বলেন, গত বছর ২০১৫ সালের ফেরুয়ারি-মার্চ-এপ্রিলব্যাপী বিএনপির অবরোধের ৯৩ দিনে পেট্রোলবোমা ও নানা নাশকতায় প্রাণহাণি, অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদ ও ধ্বংসযজ্ঞের কথা জাতিকে স্মরণ করতে হবে।
তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি ও তাদের দোসরদের ধ্বংস করা সম্ভব।’
পবিত্র কুরআনের আয়াত ও হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, ইসলামের সাথে জঙ্গিবাদ যায় না। জঙ্গিরা মানবতার শত্রু, ধর্মের শত্রু, সমাজ ও দেশের শত্রু।
জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু’টি পক্ষের কথা উল্লেখ করে ইনু বলেন, ‘এক পক্ষে সরকার ও জনগণ আর অপর পক্ষে জঙ্গি ও তাদের দোসররা। এখানে নিরপেক্ষতার কোনো সুযোগ নেই।’
মন্ত্রী এসময় কল্যাণপুরে সফল জঙ্গিদমন অভিযানের জন্য পুলিশ বাহিনীকে অভিনন্দন জানানোর সাথে সাথে জনগণকেও তথ্য দেয়াসহ নানা সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
গুলশানের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ করে বলেন, ‘জনজীবনে শান্তিরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ প্রাণদান বৃথা যেতে পারে না।’
বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আতিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম আফজাল, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু ও ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বেতারের বহিরাঙ্গন বিভাগের পরিচালক কামাল আহমেদের সঞ্চালনায় সভায় অধ্যাপক, সুশীল সমাজ প্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারিসহ আগত দর্শকদের প্রশ্নের সম্মিলিত জবাবও দেন তথ্যমন্ত্রী।



