যুদ্ধের চেয়ে বাইরে বেশি মৃত্যু হচ্ছে মার্কিন সেনাদের

যুদ্ধক্ষেত্রের বাইরে মার্কিন সেনাদের মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এতে করে মার্কিন সেনাবাহিনীতে মৃত্যুর নতুন প্রবণতা তৈরি হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, ২০১৫ সালের পর থেকে প্রতি বছরই যুদ্ধক্ষেত্রে যে সংখ্যায় মার্কিন সেনা মারা যাচ্ছে তার চেয়ে বেশি মারা যাচ্ছে যুদ্ধের বাইরে। মার্কিন কংগ্রেসে জমা দেয়া একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, শতকরা ২১.৯ ভাগ সক্রিয় মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বিভিন্ন রকমের দুর্ঘটনায়। ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেনাদের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ হাজার ৬৫২ জন সক্রিয় ও রিজার্ভ সেনা মারা গেছে। এর মধ্যে শতকরা ৭৩ ভাগ মারা গেছে যুদ্ধ-বহির্ভূত ঘটনায়। মার্কিন কংগ্রেসে জমা দেয়া ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত মার্কিন সেনা মারা গেছে মারা গেছে তার চেয়ে চারগুণ বেশি সেনা মারা গেছে যুদ্ধ-বহির্ভূত ঘটনায় বিশেষ করে প্রশিক্ষণের সময়।
২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে মারা গেছে ২১ জন মার্কিন সেনা, অন্যদিকে যুদ্ধ-বর্হিভূত ঘটনা বা প্রশিক্ষণের সময় মারা গেছে ৮০ জন। এর পরের বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনীতে যুদ্ধ-বহির্ভূত উচ্চ মৃত্যুহার অব্যাহত রয়েছে। ২০১৮ সালে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে যার কারণে সেই সময়কার মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ম্যাক থর্নবেরি মার্কিন বাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে অভিযোগ করেছিলেন।
সূত্র : পার্সটুডে




