বিনোদন

যাযাবর প্রেম এবং তারা দু’জন

চিরসবুজ মডেল আদিল হোসেন নোবেল ও দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবারের ঈদে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম যাযাবর প্রেম। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
আসছে ঈদের পঞ্চম দিন বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে নাটকটি প্রচার হবে।
এর আগে নোবেল ও তিশা আফজালে হোসেনের নির্দেশনায় ‘সিটিসেল’ এবং অমিতাভ রেজার নির্দেশনায় ‘কেয়া’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা দু’জন নাটকে অভিনয় করলেন।
নাটকটিতে কাজ করা এবং তিশা প্রসঙ্গে নোবেল বলেন, তিশা খুব লক্ষ্মী মেয়ে। বহু বছর ধরেই তাকে আমি চিনি ও জানি। তার মিডিয়া ক্যারিয়ারের জীবনের শুরুতে আমার সাথে দু’টি বিজ্ঞাপনে কাজ করেছিল। সেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। কিন্তু মূলত তিশা একজন অভিনেত্রী। আজ এত বছর পর তার আসল কাজের সাথে অর্থাৎ অভিনেত্রী তিশার সাথে আমি অভিনয় করেছি। অনেক ভালো একজন অভিনেত্রী তিশা। যাযাবর প্রেম-এর গল্প খুবই ইন্টারেস্টিং। সৌখিন চেষ্টা করেছেন খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করতে।
নুসরাত ইমরোজ তিশা বলেন, আমি সব সময়ই স্ক্রিপ্টের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে ভাবি। যাযাবর প্রেম নাটকের স্ক্রিপ্ট ভালো লেগেছে বিধায় কাজটি করেছি। নোবেল ভাই আমার বহুদিনের পরিচিত একজন মানুষ। তিনি এমনই একজন মানুষ, যার সাথে কথা বলতে গেলেই ভালো লাগে। সেই মানুষটির সাথে যখন অভিনয় করতে গিয়েছি, তখন আরো বেশিই ভালো লেগেছে। তাই যাযাবর প্রেম নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী যে দর্শকের এটি খুবই ভালো লাগবে।
যাযাবর প্রেম নাটকটি প্রযোজনা করেছেন আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন COLORS-এর সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ। এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আছেন মডেল অভিনেত্রী মিলা হোসেন। এই ম্যাগাজিনের জুন-আগস্ট ইস্যুতে প্রচ্ছদে মডেল হিসেবে আছেন নোবেল ও জয়া। এ দিকে আসছে ঈদে নোবেলকে হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে অপি করিমের সাথে একটি পারফরম্যান্সে অংশ নিতে দেখা যাবে। পাশাপাশি মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে।
এ দিকে তিশা আজ শেষ করবেন জাকারিয়া সৌখিনের নির্দেশনায় পবিত্র প্রেম নাটকের কাজ। রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। এতে তিশার বিপরীতে আছেন ইমন। এ ছাড়া তিশা আসছে আগস্ট মাস থেকে শুরু করতে যাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত হলদা সিনেমার কাজ। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন জাহিদ হাসান, মোশাররফ করিমসহ আরো অনেকে।
সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button