অর্থনৈতিক সংবাদশিরোনাম

মৌচাক মার্কেট বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত

ঢাকা শহরের একটি পুরনো শপিং কমপ্লেক্স ‘মৌচাক মার্কেট’ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মার্কেট ভবনটিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০১৪ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক মার্কেট ভবন সংস্কারের জন্য মালিককে চিঠি দেয়। এরপর বুয়েটের একটি দল সে মার্কেট ভবনের নিরাপত্তা পরীক্ষা করে।

২০১৫ সালে বুয়েটের সে প্রতিবেদনে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়। কিন্তু তারপরেও মার্কেট ভবনটিকে খালি করার বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

যে জায়গাটির উপরে এ মার্কেট তৈরি হয়েছে, সে জমির মালিক বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। সে প্রেক্ষাপটে আজ মৌচাক মার্কেট বন্ধ করে দেবার নির্দেশনা আসল আদালতের দিক থেকে।

জমি মালিকের পক্ষের আইনজীবী মোতাহার হোসেন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভবনে কোন দুর্ঘটনা হলে সেজন্য মালিক দায়ী হতে পারেন – এমন আশংকা থেকেই ভবনটি খালি করে দেবার জন্য জমির মালিক আদালতের দ্বারস্থ হয়েছেন।

তবে এই মার্কেট বন্ধ করার জন্য আদালত কোন সময়সীমা নির্ধারণ করেনি।

আইনজীবীরা জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এটর্নি জেনারেল মোখলেসুর রহমান জানিয়েছেন, আদালতের আদেশের কপি যাওয়ার পরপরই দ্রুত মার্কেট খালি করার ব্যবস্থা নিতে হবে।

ঢাকা শহরের পুরনো মার্কেটগুলোর মধ্যে মৌচাক মার্কেট অন্যতম। বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন ঢাকার মৌচাক এলাকায় অবস্থিত এ মার্কেটে বর্তমানে ৪৫০টি দোকান আছে।

জমির মালিক এই দোকানগুলোর মালিকানা বিক্রি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button