মোসাদ্দেকের বিরল কীর্তি

বুধবারই ওয়ানডে অভিষেক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রথম ম্যাচে ব্যাট হাতে চাপের মুহূর্তে ভালোই খেলেছেন তিনি। চাপ সামাল দেয়ার যোগ্যতা দারুণভাবে প্রমাণ করেছেন এই তরুণ। পরে বল হাতেও গড়েছেন বিরল এক কীর্তি। যা আর কোনো বাংলাদেশির নেই।
কী সেই কীর্তি? আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক। এমন অবিশ্বাস্য কীর্তি আর কোনো বাংলাদেশির নেই।
মোসাদ্দেক হোসেন দলে ঢুকেছেন ব্যাটসম্যান হিসেবে। সঙ্গে টুকটাক বোলিং করার ক্ষমতা যে তার আছে, সেটা জানাই ছিলো। তাই বলে আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট- এতোটা নিশ্চয় মোসাদ্দেক নিজেও আশা করতে পারেননি।
মোসাদ্দেকের কীর্তিতে আর কোনো বাংলাদেশির ভাগ না থাকলেও অন্যান্য দেশের আরো ২৩ বোলারের কিন্তু ঠিকই আছে। অর্থাৎ ওয়ানডেতে নিজের প্রথম বলে উইকেট নিয়েছেন মোসাদ্দেকসহ মোট ২৪ জন বোলার।
এই কীর্তি প্রথম গড়েন জিওফ আরনল্ড নামের একজন ইংলিশ বোলার। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টারে ক্যারিয়ারের প্রথম বলেই তিনি গ্রায়েম ওয়াটসনকে বোল্ড করেন। মজার ব্যাপার হলো, সেটি ওয়াটসনেরও জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হওয়া প্রথম বল ছিলো!
জিওফ আরনল্ড ওই ম্যাচের পর আরো ১৩টি ওয়ানডে খেলেছেন। কিন্তু বেচারা গ্রায়েম ওয়াটসন খেলতে পেরেছিলেন মোটে দুটি ম্যাচ।




