উপমহাদেশশিরোনাম

মোদির ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা

অবশেষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল। এর ফলে পৃথিবীর যেকোনো দেশ থেকে তাঁকে গ্রেফতার করা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের কাছে নীরব মোদির ভাই নেহাল দীপক মোদিকে শনাক্তকরণ ও গ্রেফতারি করার বিষয়ে এর আগে অনুরোধ জানায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নেহাল এখন বেলজিয়ামের নাগরিক এবং বর্তমানে তিনি নিউইয়র্ক সিটিতে থাকেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা সূত্র। একসময় নীরব মোদির ফ্ল্যাগশিপ ফার্ম ফায়ারস্টার ডায়মন্ডের পরিচালক ছিলেন দীপক মোদি।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জালিয়াতি প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহ আগেই পলাতক কোটিপতি নীরব মোদি এবং তাঁর ভাই নেহাল মোদি ও তাঁদের সংস্থা গীতাঞ্জলি গ্রুপের প্রচারক হিসেবে কাজ করা কাকা মেহুল চোকসিসহ গোটা পরিবার গত বছরের জানুয়ারিতেই ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, নীরব মোদি জালিয়াতির মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে অর্থ নিয়ে সম্পত্তি কেনার জন্য প্রতিষ্ঠিত সংস্থা ইথাকা ট্রাস্টের নেপথ্যে যোগসাজশ ছিল তাঁর ভাই নেহালেরও।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করে যে, নেহাল এবং পরিবারের অন্যান্য সদস্য পলাতক নীরব মোদিকে অর্থ পাচার এবং প্রমাণ নষ্ট করতে সহায়তা করেছিলেন।
প্রসঙ্গত, এর আগে নীরব মোদির ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছিলেন ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ১৩,৪০০ কোটি টাকার পিএনবি জালিয়াতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই পলাতক হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button