মেসিকে ঠেকিয়ে ‘গোলের আনন্দ’ মার্সেলোর

গোল তার কাছে ‘সোনার হরিণ’। এই ‘হরিণ’ ধরা তার কাজও নয়। কাজ ঠেকানো। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো এল ক্লাসিকোতে মেসিকে ঠেকিয়ে নজর কেড়েছেন। আর সেটি করে ওই গোল পাওয়ার সাধ মিটিয়েছেন।
লা লিগার এই ম্যাচে মেসিরা রিয়ালের কাছে ২-০ গোলে হেরে গেছে। মেসি কয়েকটি সুযোগ তৈরি করলেও রিয়াল ডিফেন্ডারদের চূড়ান্তভাবে ‘বিট’ করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র গোল করার পর বার্সা সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। হঠাৎ মেসি মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের দিকে যেতে থাকেন। মার্সেলো তাকে ধাওয়া করে দারুণ দক্ষতায় আটকে দেন। পেছন থেকে হালকা ডাইভে বলে পা দেওয়ার সময় মেসিকে এতটুকু টাচ করেননি!
ফাউল না করে গুরুত্বপূর্ণ জায়গায় (বক্সের ঠিক বাইরে) প্রতিপক্ষের স্ট্রাইকারকে আটকে দিয়ে মার্সেলো আত্মহারা ভঙ্গিতে উদ্যাপন সারেন। বাতাসে মুষ্টিবদ্ধ হাত ছোড়েন।
লেফট ব্যাকের মতো পজিশনে এই মৌসুমে মার্সেলোর আগের ম্যাচগুলো খুব একটা ভালো যায়নি। কিন্তু বার্সার বিপক্ষে যা করেছেন, তাতে নিশ্চয়ই বাকি দিনগুলোতে জিদানের সমর্থন পাবেন।




