জাতীয়শিরোনাম

মেনন নিজের পায়ে কুড়াল মেরেছেন: ফরীদ উদ্দীন মাসঊদ

জাতীয় সংসদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন কওমি মাদ্রাসাকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে বক্তব্য দিয়ে তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন বলে মন্তব্য করেছেন শোলাকিয়া ঈদগাহের খতিব ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, কওমি মাদ্রাসা এ দেশে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো শিক্ষাব্যবস্থা নয়। সরকারি দান অনুদান ছাড়া এ দেশের একটি মাত্র শিক্ষাব্যবস্থা কওমি মাদ্রাসা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত মানুষ গঠনে অবদান রেখে চলেছে।
মসজিদ, মাদ্রাসা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বামরা গণতন্ত্রের তল্পিবাহক। লেজুরবৃত্তি করে এরা রঙিন ফানুস দেখছে। ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে আলোচনায় আসায় ব্যর্থ চেষ্টা করছে। মুখে সাম্রাজ্যবাদবিরোধী বুলি থাকলেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্রাজ্যবাদীদেরই খুশি করতে চাইছে।
বামদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, অলি-আল্লাহ, গাউস-কুতুব ও ইসলামের জন্য অতীব ঊর্বর এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে রঙ ছড়িয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। কওমি মাদ্রাসা ও আল্লামা শফীর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে আর ভুল বোঝানোর সুযোগ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন ইসলামকে নিয়ে গর্ব করে। সুতরাং তাওবা করে ফিরে আসুন ইসলামের ছায়াতলে।
কোরআনের ছায়াতলে পৃথিবীর সব মানুষেরই অবস্থান গ্রহণের সুযোগ আছে দাবি করে জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ইসলাম উদারতার জয়গান গায়। কোরআনের শাশ্বত সুন্দর আশ্রয়ে পৃথিবীর যেকোনো এসে আশ্রয় নিতে পারে। ইসলামকে এড়িয়ে বিশ্বই চলতে পারছে না। বাংলাদেশেও কোরআন-সুন্নাহকে এড়িয়ে বামদের এই রঙিন স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button