মৃত্যুতে ফ্রান্সকে টপকে চতুর্থ ব্রাজিল

করোনাভাইরাসের বর্তমান হটস্পটে পরিণত হওয়া ব্রাজিলে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। নতুন করে প্রায় ২ হাজার মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি ২৮ হাজার ৮৪৯ মৃত্যু নিয়ে এই তালিকায় ফ্রান্সকে টপকে চতুর্থস্থানে উঠে এসেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সবশেষ চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৩ হাজার ২৭৪ জন, যা একদিনে সর্বোচ্চ। নতুন আক্রান্তসহ মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ছুঁই ছুঁই, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র।
সমালোচকদের মতে, ব্রাজিলের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। গণহারে টেস্ট চালালে আক্রান্তের সংখ্যা ১৫ বা এর বেশিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।
করোনায় সবচেয়ে বেশি ভুগছে সাও পাওলো ও রিও ডি জেনেরিও। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের চেয়ে তুলনামূলক উন্নত স্থান দুটিতে অনেক বেশি আক্রান্ত, মৃত্যুর সংখ্যাও বেশি।
মহামারি চরম মাত্রায় পৌঁছালে লকডাউন শিথিলে বদ্ধ পরিকর ব্রাজিলের অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তার মতে, করোনাভাইরাস ‘সাধারণ ফ্লু’ জাতীয় ‘হালকা রোগ’।
তবে বোলসোনারোর একগুঁয়েমি উপেক্ষা করে লকডাউন ও নাগরিকদের চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করেছে অনেক প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলো।
এদিকে, বিশ্বে মোট আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে; মৃত্যু ৩ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই।
আক্রান্তে দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, ১৭ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয়স্থানে ব্রাজিল। প্রায় ৪ লাখ আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে রাশিয়া। যুক্তরাজ্য চতুর্থস্থানে, আক্রান্ত ৩ লাখ ৭৫ হাজার ছুঁই ছুঁই। পঞ্চমস্থানে স্পেন, ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।
মৃত্যুতেও শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয়স্থানে থাকা যুক্তরাজ্যে মৃত্যু ৩৮ হাজার ৪০০ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে ইতালি, ৩৩ হাজার ৩৪০; পঞ্চমস্থানে নেমে যাওয়া ফ্রান্সে মৃত্যু সংখ্যা ২৮ হাজার ৭৭৪ জন।



