Uncategorized

মুস্তাফিজের অভাব পূরণ করতে চান আল-আমিন

কাঁধে অস্ত্রোপচার হয়ে গেলে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হবে না মুস্তাফিজুর রহমানের। নিউ জিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেও তার খেলার সম্ভাবনা খুব কম। এমন এক অবস্থায় আল আমিন হোসেন মনে করছেন, এই দুই সিরিজে তরুণ সতীর্থের অভাব তারা খুব অনুভব করবেন। তবে তার বিশ্বাস, সবাই মিলে চেষ্টা করলে মুস্তাফিজের অভাব পূরণ সম্ভব।
তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে। এরপর এ বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তবে সম্প্রতি কাঁধের পুরোনো ইনজুরির কারণে ক্রিকেট থেকে বাইরে আছেন মোস্তাফিজুর রহমান।
বর্তমানে কাটার মাস্টারের অস্ত্রোপচার হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাই এ সময়টাতে বাংলাদেশ জাতীয় দল মুস্তাফিজের সার্ভিস হয়তো পাবে না। তবে তা নিয়ে চিন্তিত নয় জাতীয় দলের আরেক ডানহাতি পেসার আল-আমিন হোসেন। তার বিশ্বাস মোস্তাফিজের অভাব দূর করতে পারবেন তিনি।
আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তবে ওই সিরিজে মোস্তাফিজের অভাব বুঝতে দেবে না স্বাগতিকরা। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আল-আমিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য অনেক বড় সম্পদ। প্রত্যেকটা দলই ওকে নিয়ে পরিকল্পনা করে কিন্তু তা কাজে লাগে না। তখন আমাদের কাজটা সহজ হয়ে যায়। সামনে ইংল্যান্ড আসবে। তখন মোস্তাফিজকে অনেক মিস করবো। তবে মোস্তাফিজের অভাব অনুভব হতে দেবো না।’
প্রত্যেক দলে একজন করে কী প্লেয়ার থাকেন। ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান সময়ের কী প্লেয়ার হচ্ছেন মোস্তাফিজ। আর তাকে কেন্দ্র করে গত বছর বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছে। তবে এবার ইংল্যান্ড সিরিজে মুস্তাফিজকে পাওয়া যাবে না।
এ বিষয়ে আল-আমিন বলেন, ‘একজন খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, কারো খারাপ সময় যেতে পারে। তো আমরা যারা আছি অবশ্যই দায়িত্ব বেড়ে যাবে। কারণ ও (মুস্তাফিজ) খুব ভালো করছিল, ওই ভালোটা যাতে আমাদের দ্বারা হয় সে চেষ্টাই করবো। ওর মত হয়তো করতে পারবো না, কারণ ওতো ব্যতিক্রমী বোলার।’
তবে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বলে মনে করেন আল-আমিন। মুস্তাফিজকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ভালো করেছে মনে করিয়ে দিতে ভুল করলেন না তিনি। তাই মুস্তাফিজের জায়গায় যে খেলবে সেও তার সেরা খেলাটা খেলবে বলে বিশ্বাস করেন আল-আমিন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে যারা আছে সবাই ইতিবাচক চ্যালেঞ্জ নিচ্ছে। এক বছর আগেও কিন্তু মুস্তাফিজ দলে ছিলো না। বাংলাদেশ দল খেলেছে। এমনকি ইংল্যান্ডের সঙ্গে আমি নাও থাকতে পারি। যারা আছে তারা এই জায়গা পূরণ করার জন্যই দলে আসবে। ওর জায়গায় যে আসবে বা আমরা যারা আছি; তারা এমনভাবে পারফরম করার চেষ্টা করবো যেন ওর অভাবটা না বোঝা যায়। তা না করতে পারলে সবাই ভাববে মোস্তাফিজকে ছাড়া বাংলাদেশ দল কিছু না। আসলে কিন্তু তা নয়। এটা এখন আমাদের প্রমাণ করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button