মুমিনুলের সেঞ্চুরি : বাংলাদেশের সংগ্রহ ২০৭/৩

অবশেষে মুমিনুলের ব্যাট থেকে সেঞ্চুরির দেখা পাওয়া গেছে। সিলেট টেস্টের পর তাকে নিয়ে ক্রিকেটপাড়ায় যখন সমালোচনা হচ্ছিলো ঠিক সেই সময় সঠিক জবাবটা দিলেন এই বাঁহাতি টাইগার ব্যাটসম্যান। জিম্বাবুয়ের সাথে ঢাকা টেস্টে তিনি সেঞ্চুরি তুলে নেন। জিম্বাবুয়ের সাথে এটি মুমিনুল হকের ২য় সেঞ্চুরি । ৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি মুমিনুলের সপ্তম সেঞ্চুরি।
মুমিনুল ১৬৪ বল খেলে ১১৫ রানে অপরাজিত রয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন আরেক টাইগার টেস্টস্পেশালিষ্ট মুশফিক।তিনি ৭১ রানে অপরাজিত আছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান।
দিনের প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রিয়াদবাহিনী। সেই অবস্থা থেকে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। এই জুটির উপর ভর করে বাংলাদেশের দলীয় রান শতক পূরণ হয়। মুমিনুল তার অর্ধশত পূরণ করেছেন।
এর আগে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৯:৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে বিটিভি এবং গাজী টিভি।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন জিম্বাবুয়ে পেস বোলার কাইল জার্ভিস। ইনিংসের সপ্তম ওভারে জারভিসের বলে উইকেটরক্ষক চাকাভাকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ইমরুল কায়েস। তার একওভার পর সেই জারভিসের বলেই ব্যক্তিগত ৯ রানে আউট হন লিটন দাস।
ইনিংসের ১২তম ওভারে ডোনাল্ড তিরিপানোর বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন অভিষিক্ত মোহাম্মদ মিঠুন। বিদায়ের আগে কোনো রান করতে পারেননি তিনি। দলীয় ২৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
সিলেটে প্রথম টেস্টে হেরে সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজ হার ঠেকাতে মিরপুর টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
এ ম্যাচে অভিষেক হয়েছে মিঠুন ও খালেদের। এছাড়া দলে ফিরেছেন সিলেট টেস্টে না খেলা মোস্তাফিজও। এ তিনজনকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহি।




