মিশর তেলের বিকল্প উৎসের সন্ধান পেয়েছে

সৌদি আরব মিশরে তেল সরবরাহ বন্ধ করে দেয়ার পর মিশর তেলের বিকল্প উৎসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে মিশরের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র হামদি আবদেল আজিজ। সৌদি তেল বন্ধের কারণে মিশরে যে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছিল তা ইতোমধ্যে পূরণ হতে শুরু করেছে বলেও জানান তিনি।
মিশরের গণমাধ্যমগুলো বলেছে, সৌদি সরকার মিশরে তেল সরবরাহ বন্ধ করে দেয়ার পর মিশর তেল সরবরাহের জন্য জরুরি বিজ্ঞপ্তি দেয়। জরুরি বিজ্ঞপ্তি ঘোষণার পর বেশ কয়েকটি সরবরাহকারী উৎস থেকে মিশরে তেলের চালান এসে পৌঁছেছে।
সম্প্রতি সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোলা প্রস্তাবের পক্ষে মিশর ভোট দিলে সৌদি সরকার মিশরে তেল সরবরাহ বন্ধ করে দেয়।
উল্লেখ্য গত এপ্রিল মাসে সৌদি আরব প্রতিমাসে মিশরকে বিশেষ সুবিধায় ৭ লাখ টন তেল দেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষণা অনুযায়ী সৌদি আরব থেকে তেল পেয়ে আসছিল মিশর। ২০১৩ সালে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে বর্তমান সিসি সরকারকে ক্ষমতায় বসতে সমর্থন দেয়া সৌদি সরকারের সাথে এই প্রথম কোন বিরোধ দেখা গেল।




