Uncategorized

মিমের দশ নম্বর ছবির কাজ শুরু মঙ্গলবার

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আমার আছে জল দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা বিদ্যা সিনহা মিম মঙ্গলবার থেকে শুরু করবেন দশম চলচ্চিত্রের কাজ। নাম পাষাণ। পরিচালক সৈকত নাসির। যৌথ প্রযোজনার এই ছবিতে লাক্স সুন্দরীকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে। বিপরীতে থাকবেন কলকাতার ওম।
মিম বলেন, ‘হঠাৎ করেই পাষাণ ছবির প্রস্তাব আমার কাছে আসে। গল্প এবং চরিত্র পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। মঙ্গলবার থেকে শুটিংয়ে অংশ নেবো। আশা করি, দর্শক ভালো কিছু উপহার পাবেন।’
এ ছবিতে অভিনয় করার কথা ছিল পরীমণির। কিন্তু হাতে একাধিক ছবির কাজ থাকায় নাম প্রত্যাহার করে নেন রক্ত ছবির নায়িকা। এ অবস্থায় বাধ্য হয়েই নতুন নায়িকার খোঁজ নিয়েছে প্রযোজনা সংস্থা। এ বিষয়ে মিম বলেন, ‘আমার জায়গায় অন্য একজনের অভিনয় করার কথা ছিল, বিষয়টি সম্পর্কে আমি অবহিত। কিন্তু যে কারণে তিনি নাম প্রত্যাহার করেছেন, সেটিও যৌক্তিক। আগে থেকে দেয়া অন্য প্রযোজকের শিডিউল রাখার জন্যই এমন বড় বাজেটের কাজ ছেড়ে দিয়েছেন তিনি। কাজের প্রতি এ ধরনের পেশাদারিত্ব খুবই প্রশংসনীয়। সবাই দোয়া করবেন, আমি যেন ছবির কাজটি ঠিকমতো করতে পারি।’
২০০৭ সালে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৬ সালের শেষ দিকে এসে দশম ছবির কাজ হাতে নেয়াই বলে দেয়, চলচ্চিত্রে তার ক্যারিয়ার খুব উজ্জ্বল নয়। কিন্তু মিম এই কথা মানতে রাজি নন। তিনি বলেন, ‘ হুমায়ূন আহমেদ স্যারের হাত ধরে ২০০৭ সালে চলচ্চিত্রে কাজ শুরু করলেও আমি তখন চলচ্চিত্রে মনোযোগী ছিলাম না। কারণ ছিল পড়াশোনা। এ ছাড়া অভিনয় শেখারও একটা ব্যাপার ছিল। তাই তখন আমি ছোট পর্দায় মনোযোগী হয়েছিলাম। নাটকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রের জন্য অভিজ্ঞতা অর্জন করেছি। এ অভিজ্ঞতা চলচ্চিত্রে সফলতা পাওয়ার জন্য অনেক সহায়ক হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শাকিব খানের বিপরীতে জাকির হোসেন রাজুর আমার প্রাণের প্রিয়া ছবিতে অভিনয়ের কথা যদি বাদ দেই, তাহলে দেখা যাবে, নিয়মিত চলচ্চিত্রে কাজ করছি ২০১৩ সাল থেকে। এ হিসেবে কিন্তু আমার চলচ্চিত্র ক্যারিয়ার বেশ সফলই বলা চলে। কারণ এই সময়ের মধ্যে মুক্তি পেয়েছে জোনাকির আলো, ব্ল্যাক, তারকাঁটা, পদ্মপাতার জল, সুইট হার্টের মতো ব্যবসাসফল ছবি।’
মিমের এ যুক্তিটি যে যথার্থ, সেটা বোঝা যায় জোনাকির আলো ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘটনাটি। মিম বলেন, ‘পুরস্কারের আশায় কাজ করি না, তবে জাতীয়পর্যায়ের স্বীকৃতি ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।’
পাষাণ ছাড়াও মিমের হাতে এখন আরো দু’টি ছবি রয়েছে। এগুলো হলো- অনন্য মামুনের আমি তোমার হতে চাই ও তারেক শিকদারের দাগ। এগুলোতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button