
কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম । সকাল থেকে বিভিন্ন ঘাট, নদীপাড় ও মাছ ধরার এলাকায় টহল কার্যক্রম চালানো হয়।
জেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কোনোভাবেই মা ইলিশ শিকার করতে দেওয়া হবে না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, সরকার ঘোষিত ২২ দিনের (৪ থেকে ২৬ অক্টোবর) নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। তবে যমুনার নদী সীমানা বড় হওয়ার জনবল ও লজিস্টিক ঘাটতির কারণে এ বিশাল নদীসীমা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।




