মাশরাফির এই কৌশলেও জয়বঞ্চিত অস্ট্রেলিয়া

১৮৩ রানের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যদি অন্তত ২০ ওভার খেলতো, তবেই ফলাফল চলে আসতো ম্যাচের। বৃষ্টি আইন বলছে, সে ক্ষেত্রে জিতে যেতো অস্ট্রেলিয়ারই। কিন্তু মাশরাফির একটা কৌশলের কারণে ২০ ওভার খেলারই সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। আর তাতেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অসিদের।
বৃষ্টি আইন বলছে, ১৬ ওভারে অস্ট্রেলিয়া যে রান করেছিলো, তাতে আর চার ওভারে যদি তারা আর রান নাও করতো কিংবা উইকেট যদি আরো অন্তত দুই তিনটা পড়ে যেতো, তারপর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে গেলে জিততো তারাই।
পরিস্থিতি এই রকম দেখে মাশরাফি বোলারদের বলে দেন যতোটা সম্ভব বেশি সময় বোলিং করতে। এর ফলে একেকটা ওভারে একটু একটু করে বেশি সময় গেছে এবং বৃষ্টির আগে অস্ট্রেলিয়ার ২০ ওভার আর ব্যাটিং করা হয়নি।
সংবাদ সম্মেলনে এই কথাটা বলে দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমরা জানতাম সাতটার দিকে বৃষ্টি আসতে পারে। সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এ জন্যই মিরাজকে বোলিংয়ে এনেও আবার সরিয়ে দিয়েছি।’
বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, ‘১৬তম ওভার শেষে যখন পানি পানের বিরতি দেয়া হলো, তখনও মনে হয়েছিলো খেলা হয়তো আরো হবে। কিন্তু এরপর বৃষ্টি নেমে আসে এবং আর খেলা হয়নি।’
মাশরাফিরা একটু ধীর গতিতে বোলিং করায় কৌশলটা বুঝে গিয়েছিলেন তখন উইকেটে থাকা ডেভিড ওয়ার্নার। তার আচরণে প্রকাশ পেয়েছে প্রচণ্ড রাগ। কিন্তু ওই রকম একটা কৌশল অবলম্বন করা ছাড়া ম্যাচ না হারার কোনো উপায়ই ছিলো না মাশরাফিদের। শেষ পর্যন্ত ম্যাচটা না হারায় সেমিফাইনালে উঠার সুযোগ এখনো আছে বাংলাদেশের সামনে।



