রাজনীতি

মার্চে জাতীয় নির্বাচন দিন : অলি আহমেদ

২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপি সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, গণতন্ত্রের স্বার্থে, দেশকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিতে প্রয়োজন সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন। একতরফা নির্বাচনী নাটকের মাধ্যমে অধিষ্ঠিত সরকারের কাছে মানবতা, মানবাধিকার ও গণতন্ত্র কিছুই নিরাপদ নয়।
তিনি সরকারকে অবিলম্বে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী বছর মার্চের মধ্যেই নির্বাচন দিন, কেননা জনগণের এখনটাই দাবি মধ্যবর্তী নির্বাচন।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অলি আহমেদ বীরবিক্রম বক্তব্য রাখছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিরি সদস্য নজরুল ইসলাম খান, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এলডিপি প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আবদুল গনি, ইঞ্জিনিয়ার কামালউদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্মমহাসচিব শাহাদাত হোসেন সেলিম, যুগ্মমহাসচিব তমিজউদ্দিন টিটু, ড. নেয়ামুল বশির, ড. জাফর সিদ্দিক, অধ্যাপিকা কারিনা মাহবুব, ইকবাল হোসেন তালুকদার, বেল্লাল মিয়াজী প্রমুখ।
ড. অলি আহমেদ আরো বলেন, সমগ্র দেশ আজ দুর্নীতির চারণ ভূমিতে পরিণত হয়েছে। দুর্নীতিবাজরা বুক টান টান করে সমাজে বসবাস করছে অথচ দুর্নীতি দমন কমিশন বিরোধী দলের নেতাদের হয়রানী করছে। এর মাধ্যমে দুদকও দলীয় আনুগত্য প্রকাশ করছে।
নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠাচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। তাই সরকারের উচিত হবে অবিলম্বে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা। সরকার যদি তা না করে কোনো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠন করতে চায় তাহলে দেশ-জাতি-গণতন্ত্র কারোর জন্যই মঙ্গলজনক হবে না।
সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, গণতান্ত্রিক পরিবশে ফিরিয়ে আনতে জনগণের ঐকমত্যের ভিত্তিতে সব দলের অংশগ্রহণে নির্বচনের ব্যবস্থা করা অতিব জরুরি।
শফিউল আলম প্রধান বলেন, গণআন্দোলনের মাধ্যমেই অধিকার ও দাবি আদায় করতে হবে। দাবি আদায়ের কোনো বিকল্প পথ নেই।
ড. রেদোয়ান আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। এই অহংকারের চেতনা ধ্বংসকারী সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতির উচিত দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করা। সংলাপের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button