আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন গোয়েন্দা সিআইএ’র ২৯০ সদস্য গ্রেপ্তার: দাবি ইরানের

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ২৯০ জন সদস্যকে গ্রেপ্তার করার দাবি করছে ইরান। তারা সবাই বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরের কাজ করতো। ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি শুক্রবার তেহরানে জুমার নামাজের মূল খুতবার আগে দেয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পার্স টুডে ও প্রেস টিভি এমন খবর প্রকাশ করে।
এ সময় হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি বলেন, ‘ইরানসহ বিভিন্ন দেশে ২৯০ জন মার্কিন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সদস্য।’
আলাভি আরো বলেন, ‘বিভিন্ন বন্ধুপ্রতীম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এজেন্টদের চিহ্নিত করে ওই সব দেশের সরকারকে সেই তথ্য দিয়েছে ইরান। দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএ’র সঙ্গে ওই সব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়। এতে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং আমেরিকা এমন ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে ১১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।’
এছাড়াও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের গোয়েন্দাদের বিরুদ্ধে ইরান একই ধরণের সফলতা পেয়েছে বলে উল্লেখ করে গোয়েন্দামন্ত্রী আলাভি আরো বলেন, ‘গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button