মানিকছড়িতে ৩০০ বস্তা মেয়াদোত্তীর্ণ চাল আটক
সংবাদদাতা, খাগড়াছড়ি : মানিকছড়ির একটি রাইচ মিল থেকে মেয়াদোত্তীর্ণ ৩০০ বস্তা চাল আটক করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট তামান্না মাহমুদ অভিযান পরিচালনা করে এ চাল জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রহমানিয়া অটো রাইচ মিলে মেয়াদোত্তীর্ণ চাল রিফাইনিং করে বাজারজাত করছে মর্মে গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন ইউএনও তামান্না মাহমুদ। এ সময় তিনি চট্টগ্রাম থেকে আনা তিন শ’ বস্তা ‘নন-বাঁশমতি পারি’ চালভর্তি একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৫৪৩২) আন-লোড অবস্থায় আটক করেন। চাউলের বস্তার উপরে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ২০১৯।
জানা যায়, রহমানিয়া রাইচ মিলের মালিক ওই চাল চট্টগ্রামের পারভেজ নামক এক ব্যবসায়ীর কাছ থেকে বস্তাপ্রতি (৫০কেজি) ১৪৫০ টাকা দরে কেনেন। পরে নতুন বস্তায় ভরে চড়া দামে বাজারজাত করার জন্য রিফাইনিং করছিলেন। আটক তিন শ’ বস্তায় এক হাজার পাঁচ শ’ কেজি চাল রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত জব্দকৃত চাল উপজেলা কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা ও স্যানেটারি কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনী পদক্ষেপের বিষয়ে কাজ করছেন প্রশাসন।




