মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, সেলিনা আক্তার ও মো: নজরুল ইসলাম।
মঙ্গলবার সকালে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো: মিজানুর রহমান খান।
আসামিরা উভয়েই পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই এ রায় দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম বিয়ষটি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে নভেম্বরে হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশাচালক ইদ্রিস আলীকে (৩৫) হত্যা করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ডিবি পুলিশের পরিদর্শক মদন মোহন বনিক মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এদের মধ্যে নিহতের স্ত্রী সেলিনা এবং নজরুলকে ফাঁসির আদেশ এবং অপর আসামি দুলালকে বেকসুর খালাস দেন আদালত।
এদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের একেএম কায়সারকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুস সালাম।




