মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ: পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫–২৬ অর্থবছরে দৌলতপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ এবং মানিকগঞ্জ জেলার ৬৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৬ নম্বর চকমিরপুর ইউনিয়ন পরিষদ । একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন ।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেনের হাতে প্রশংসাপত্র তুলে দেন ।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে কার্যকর উদ্যোগ, সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে ।
স্বীকৃতি পেয়ে মো. আমজাদ হোসেন বলেন, এ অর্জন চকমিরপুর ইউনিয়নের সব মানুষের। জনগণের সহযোগিতায় ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ অব্যাহত থাকবে ।



