মানিকগঞ্জে বিদেশফেরত ৪৬৭ জন কোয়ারেন্টাইনে

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনসহ ৪৬৭ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ মোট ১৯২ জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। ৪৬৭ জন প্রবাসীর শরীলে করোনাভাইরাসের উপসর্গ না পাওয়া গেলেও সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় প্রতিদিন জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন হাট বাজার, লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।
হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রবাসীরা হাট বাজার ও রাস্তা ঘাটে ঘুড়া ঘুড়ি করায় এ পর্যন্ত ৮ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা পুলিশ ও জেলা প্রশাসানের সাথে উপজেলা পুলিশ ও প্রশাসন প্রতিদিন বাজার মনিটরিং করছেন। করোনাভাইরাসের অজুহাতে দাম বেশি রাখলেই করা হচ্ছে জরিমানা।
মানিকগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে ছুটিতে এসছে। করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক এসএম ফেরদৌস সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হয়েছে। এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পুরুষ ১২ জন ও নারী ৫ জনের জন্য মোট ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে। এবং মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশন ভবনে প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।




