মানিকগঞ্জে পোশাক কারখানার কর্মীর করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে একটি পোশাক কারখানার কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে। আক্রান্ত ওই ব্যাক্তি (৪৭) মানিকগঞ্জ পৌর এলাকায়। তিনি সাটুরিয়া উপজেলায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সর্বশেষ ২০ এপ্রিল কর্মস্থলে যান। সম্প্রতি তিনি সর্দিতে আক্রান্ত হলে গতকাল শুক্রবার জেলা সদর হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গতকালই পরীক্ষার জন্য সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ শনিবার তাঁর রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আক্রান্ত ওই ব্যক্তিকে নিজ বাসায় আইসোলশনে রাখা হয়েছে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।



