মানিকগঞ্জে পুত্রবধূ হত্যার ১দিন পর শাশুড়ির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: পুত্রবধূকে হত্যার অভিযোগের এক দিন পরেই লোক-লজ্জা ও গ্রেপ্তারের ভয়ে মানিকগঞ্জে শাশুড়ি আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে মমতা বেগম (৫০) নামে ওই শাশুড়ি কীটনাশক পানে আত্মহননের পথ বেছে নেন বলে স্বজনরা জানিয়েছে। মমতা বেগম দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি গ্রামে গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
এর আগে যৌতুক না পেয়ে শুক্রবার ভোরে পুত্রবধূ কণা আক্তারকে (১৯) শাশুড়ি মমতাসহ স্বামী মনির হোসেন (২১), শ্বশুর মজিবর রহমান (৫৫), ননদ রিক্তা আক্তার (২৫) ও ভগ্নিপতি মহিদুর রহমানসহ (৩০) পরিবারের সদস্যরা মিলে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন নিহতের ভাই আরিফ খান। এই ঘটনায় কণার স্বামীকে আটক করে পুলিশ।
স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে মনিরের স্ত্রী কণা অস্বাভাবিকভাবে মারা যান। স্বামীর বাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন।কিন্তু, কণার পরিবার স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদ ও ভগ্নিপতিসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ করেন। শুক্রবার দুপুরে কণার লাশ উদ্ধারের সময় মনিরকে আটক করে পুলিশ। এরপর থেকে পরিবারের অন্যরা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, দুপুর একটার দিকে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




