Uncategorized

মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

স্কুল শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু রচনা করে তার ওপর দিয়ে হেঁটে যাওয়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সেই চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীরকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এখতিয়ার বহির্ভূত আদালত থেকে নেওয়া জামিন বাতিল করে দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বিপ্লব ও মো. সারোয়ার হোসেন।
এর আগে গত ২৫ এপ্রিল মানবসেতুর ওপর দিয়ে হাঁটা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে জামিন প্রদানকারী চাঁদপুরের শিশু আদালতের বিচারক কোন কর্তৃত্ববলে তাকে জামিন দিয়েছেন তা জানতে চান আদালত।
আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব জানান, চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইকোর্টে আগাম জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাকে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত জামিন দেন। এরপর মামলার বাদী আব্দুল কাদের গাজী নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত জামিন বাতিল করেন।
গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে গত ১ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল কাদের গাজী মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button