মাধবপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নানা জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান নেতৃত্বে বর্ষবরণ উৎসব উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব,ওসি আব্দুর রাজ্জাক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবে আহ্বায়ক মোঃ এরশাদ আলী এবং সাংবাদিক বৃন্দ। সদরের গংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। এরপর সকাল ১০ টা ৪০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। সকাল ১১ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ পুরস্কার বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বড় পর্দায় সম্প্রসারণ করা হয়।




