slider

“মন্ত্রী-এমপিদের পকেট হাতড়ালে কোটি কোটি টাকা পাওয়া যাবে”— রুহুল কবির রিজভী

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘পৃথিবীর কোনো শাসক দুর্ভিক্ষের ভয় দেখায় না। অথচ এই আওয়ামী লীগ সরকারের প্রধান বাংলাদেশকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। তাঁরা শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতুসহ এত উন্নয়নের কথা বলেন, এখন টাকা কই? প্রকৃতপক্ষে দুর্নীতি এসে গেছে। খাগড়াছড়িতে একজন মা তাঁর সন্তানের মুখে খাবার দিতে না পেরে বিক্রির জন্য চেষ্টা করেছেন-এটাই দুর্র্নীতির নমুনা। মানুষের কাছে টাকা যদি না থাকে, তাঁরা যদি সাচ্ছন্দ্যে না থাকতে পারেন, তাহলে কিসের উন্নয়ন? আসলে আওয়ামী লীগের নেতারা এতদিন মানুষকে মিথ্যা উন্নয়নের কথা শুনিয়েছেন। তাঁদের মিথ্যা উন্নয়নের পর্দা তুললে দেখা যাবে কোটি কোটি টাকার দুর্নীতি। মন্ত্রী-এমপিদের পকেট হাতড়ালে কোটি কোটি টাকা পাওয়া যাবে।’
আজ রোববার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ হচ্ছে মিথ্যা শেখার একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের হলেন তাঁর সহকারী। তাঁরা প্রতিনিয়ত রিজার্ভ, বিদ্যুৎ সহ নানা উন্নয়ন নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন। নেতাকর্মীদেরও তা শেখাচ্ছেন।
দেশের জনগণ জেগে উঠেছে আর তাদের দমানো যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘হেফাজতের আন্দোলন দমনের কথা বলে বিএনপিকে ভয় দেখাতে চাইছে শেখ হাসিনা। রাষ্ট্রশক্তিকে কবজা করে আর মানুষকে দমাতে পারবেন না। মানুষ আজ জেগে উঠেছে। হামলা করে, গুলি চালিয়ে আর এই দেশের জনগণকে দমানো যাবে না। অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছেন। বাংলাদেশের জনগণ আর সেটা হতে দেবে না। বিএনপির নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁরা আর ঘরে ফিরবে না।’
সম্মেলনে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন। সেই ডাকে রাস্তায় নেমে পড়তে হবে। সেই আন্দোলনের মিছিলে মিটিংয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ সরকারের পতন না হবে ততক্ষণ আপনারা বাড়িতে ফিরে যাবেন না।’
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়বাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button