আন্তর্জাতিক সংবাদ

মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় সৌদি নারী আটক

সৌদি আরবে একটি গানের অনুষ্ঠান চলার সময় এক নারী মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে এক সঙ্গীত উৎসেব মাজিদ আল-মোহান্দিস নামে একজন খ্যাতিমান গায়ক গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব-পরা এক নারী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং মি. আল-মোহান্দিসকে জড়িয়ে ধরেন।
এর মধ্যেই ছুটে আসেন কয়েকজন নিরাপত্তা রক্ষী। তারা ওই নারীকে টেনে ছাড়িয়ে নেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। পুলিশ বলছে, মহিলাটিকে একটি হাজতে নিয়ে যাওয়া হয়েছে।
অনলাইনে এ ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায় ওই নারী গায়ককে জাপটে ধরেছেন এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছেন। ভিডিওটি দেখতে পারেন এখানে>

মাজিদ আল-মোহান্দিস

সৌদি আরবে নারীদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সাথে প্রকাশ্যে মেলামেশা করা নিষেধ। এ ছাড়া মদ্যপান , পোশাক, এবং নারী-পুরুষকে আলাদা রাখার ব্যাপারে কড়া আইন রয়েছে।
গায়ক মাজিদ আল-মোহান্দিসকে জড়িয়ে ধরা নারীটির নাম জানা যায় নি। তিনি কালো আবায়া এবং মুখ-ঢাকা নিকাব পরা ছিলেন।
পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে যে ওই মহিলার বিরুদ্ধে হয়রানির মামলা আনার কথা বিবেচনা করছেন একজন পাবলিক প্রসিকিউটর।
মি. আল-মোহান্দিস – যার ওয়েবসাইটে তাকে ‘আরব গানের যুবরাজ’ বলে বর্ণনা করা হয় – এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেন নি।
তবে এ ঘটনার জন্য গানের অনুষ্ঠান বন্ধ হয় নি। মি. আল-মোহান্দিস এর পরেও গান করেছেন।
মাজিদ আল-মোহান্দিসের জন্ম ইরাকে হলেও তার সৌদি নাগরিকত্ব রয়েছে।
তবে সৌদি নারীদের প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে অনেক দিন ধরেই যে নিষেধাজ্ঞা ছিল – তা গত বছর শিথিল করা হয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেদেশে বেশ কিছু সংস্কার মূলক পদক্ষেপ নিয়েছেন -যার অধীনে নারীদের গাড়ি চালানো, ফুটবল খেলা দেখা এবং গায়িকাদের অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে।
তবে মেয়েদের পোশাকের ব্যাপারে এখনে কড়া আইন রয়েছে। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button