ভয়ে আছে প্রার্থী ও ভোটাররা, অভয় দিলেন প্রশাসন উৎসব মুখর নির্বাচনী মাঠ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ আসন্ন ২৯ ডিসেম্বর ২০২২, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের সাথে উৎসব মুখর পরিবেশে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে পুরুষ মেম্বার ও পরে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা তারপর চেয়ারম্যান প্রার্থীগন বক্তব্য রাখেন। সাব ইন্সপেক্টর নাজমুল হাসান তানিম এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রার্থীদের কেউ কেউ এবং ভোটার সংশ্লিষ্ট ব্যাক্তিরা কিছুটা ভয় ও সংকার কথা তুলে ধরেন। অভয় দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, সহকারী পুলিশ সুপার এ.কে.এম এমরানুল হক মারুফ এবং দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন ভুইঁয়া বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোটে কোনো রকম অনিয়ম বা শক্তি প্রয়োগের সুযোগ নেই। তাই প্রার্থীদের উচিত ভোটারের কাছে যাওয়া এবং ভোটের নিয়ম পদ্ধতি শেখানো। সকলকে আস্বস্ত করে বলা হয়েছে, নির্বাচনের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স, র্যাব, পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার টিম দায়িত্ব পালন করবে। নির্বাচনের আগে এবং পরেও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে, সেজন্য পছন্দের প্রার্থীকে ভোট দিতে সবাই যেনো ভোটাধিকার প্রয়োগ করে। শুধু সকাল সকালই ভীড় না করে গ্রুপে গ্রুপে সারাদিন ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মামুন, ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম সবুজ, আনারস প্রতীকের প্রার্থী আলী আহম্মেদ মিয়াজি, চশমা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন, হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম, টেলিভিশন প্রতীকের প্রার্থী মাইন উদ্দিন ও মটর সাইকেল প্রতীকের প্রার্থী রবিউল শিকদার বক্তব্য রাখেন। উল্লেখ্য ইতিপূর্বে দৌলতপুর ইউনিয়নে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।



