ভ্যাটের টাকায় সারা দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে …রসিক মেয়র

রংপুর ব্যুরোঃ ভ্যাটের টাকায় সারা দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ কথা বলেন। তিনি আরো বলেন, ভ্যাট প্রদান করে উন্নয়নের অংশীদারিত্বে এগিয়ে যাচ্ছে রংপুর অঞ্চল। এই ধারাবাহিকতা রক্ষা করে রংপুরের প্রতিটি উন্নয়নে রংপুরের মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এই জন্য সকলকে নিয়মিত ভ্যাট প্রদান করার আহবান জানান তিনি।
সকালে নগরীর রুপকথা থিমপার্ক মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি) মো. আব্দুল মজিদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার অরুণ কুমার বিশ্বাস। কি নোট উপস্থাপন করেন অতিরিক্ত কর কমিশনার জুয়েল আহমেদ।
এবছর রংপুর বিভাগে উৎপাদন সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে মোট ১৪টি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়। প্রতিষ্ঠানগুলো হলো, রংপুরের মেসার্স হরিন বিড়ি ফ্যাক্টরী, মিলন বাজার, আদ-দ্বীন মাদার কেয়ার লিমিটেড, সৈয়দপুর-নীলফামারীর ইকু পেপার মিলস লিমিটেড, মেসার্স আলহাজ্ব কুতুব এ্যান্ড সন্স, গাইবান্ধার ইউনাইটেড ফুটকেয়ার (বাংলাদেশ) প্রা: লি:, মেসার্স ইরা বাজাজ, লালমনিরহাটের মেসার্স মতি বিড়ি এ্যান্ড আলম বিড়ি ফ্যাক্টরী, মেসার্স এন.কে মটরস, তেঁতুলিয়া পঞ্চগড়ের মেসার্স কমলেস ট্রেডার্স, কুড়িগ্রামের মেসার্স নাসির এ্যান্ড কোং, টি ডি এইচ গেস্ট হাউজ, দিনাজপুরের নুর মটরস এন্ড ইলেকট্রনিক্স, ঠাকুরগঁাওয়ের এ রউফ ট্রেডার্স।




