ভুল বিকাশে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিল পুলিশ

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ : ভুল করে একজনের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে বিপাকে পড়া এক শ্রমীকের ত্রাণকর্তা হলো পুলিশ। সেই টাকা ফিরিয়ে এনে গতকাল সোমবার তার হাতে তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওরে।
উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন। সংসারের অভাব ঘোচাতে স্থানীয় এক এনজিও থেকে দুই লাখ টাকা ঋন উত্তোলন করে ক্রয় করেন পুরাতন মিনি ট্রাক। এই ঋনের মাসিক কিস্তি ২০ হাজার ২শত টাকা। কিন্তু কোন মাসেই কিস্তির টাকা তুলতে পারছেন না এই গাড়ি চালিয়ে। ১৪ মার্চ প্রতি মাসের মতোই ধার দেনা করে কিস্তির টাকা যোগাড় করেন বিল্লাল। এনজিও সংস্থার বিকাশে কিস্তি দিতে গিয়ে তার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ২০ হাজার ২শ টাকা ডিজিটের ভুলে অন্য একটি নম্বরে পাঠিয়ে দেন। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।
টাকাটি যায় পটুয়াখালী সদর উপজেলার একজনের কাছে। যার হিসাবে টাকা গেছে, তাকে অনুরোধ করে টাকাটি ফিরিয়ে দিতে বলেন বিল্লাল। কিন্তু টাকা দিতে রাজি হননি তিনি। তার নাম্বারে টাকা আসে নি বলে ফোন কেটেে দেন। এক পর্যায়ে ঐ ব্যক্তি তার ফোন নাম্বারটি বন্ধ করে রাখেন।
এরপর ১৫ মার্চ ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেন বিল্লাল হোসেন। ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমানের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর আল মামুন তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর সেই টাকা উদ্ধার করেন। অবশেষে সেই টাকা (আজ সোমবার) দুপুরে ভুক্তভোগীর হাতে পৌঁছে দিল ঘিওর পুলিশ।
বিল্লাল হোসেন বলেন, ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য ঘিওর থানা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, বিকাশে ভুল নাম্বারে টাকা যাওয়ার বিষয়ে দরিদ্র ওই শ্রমীকের অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘিওর থানার এসআই আল মামুনকে দায়িত্ব দেওয়া হয় । তথ্য প্রযুক্তির সহায়তায় সেই টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।



