sliderরাজনীতিশিরোনাম

ভিন্নমত দমনে হামলা ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে-এবি পার্টি

পতাকা ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন শেষে জুমআর নামাজ আদায় করে বের হওয়ার পর সরকারদলীয় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই পরিকল্পিত ও ন্যক্কারজনক হামলা চালিয়েছে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ এবং পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানোর ঘটনা প্রমাণ করে যে দেশে রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের পুরনো সংস্কৃতি নতুন রূপে ফিরে আসছে।
তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় যুক্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের পরিবর্তে হামলা, রক্তপাত ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেওয়া রাষ্ট্র ও রাজনীতির জন্য অশনিসংকেত। একজন গণঅভ্যুত্থানের কর্মীকে প্রকাশ্যে আক্রমণ, আহতদের মাথা ফাটিয়ে দেওয়া এবং মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা শুধু সন্ত্রাস নয়; এটি রাষ্ট্রীয় আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা দখলদার রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জনগণ একটি মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু এখনো যদি রাজনৈতিক কর্মসূচিতে হামলা, পুলিশি নীরবতা এবং দলীয় সন্ত্রাস অব্যাহত থাকে, তাহলে জনগণের সেই প্রত্যাশা ভয়াবহভাবে ব্যর্থ হবে।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button