শিরোনাম
ভাসমান বোটে সাত লাখ ইয়াবা

টেকনাফ (সংবাদদাতা) : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে সাত লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার ভোরে উপজেলার জাইল্লারদ্বীপের নদী অংশ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন হায়াত ইবনে সিদ্দিক বলেন, টেকনাফের একটি বিশেষ টিম নাফনদীতে সন্দেহজনক কাঠের বোটকে ধাওয়া করে। ধাওয়ার ফলে বোটটি কিছু দূর গিয়ে উল্টে যায়। এ সময় কয়েকজন নদীর পাড়ে ওঠে জঙ্গলে দিকে পালিয়ে যায়। পরে ভাসমান বোটে তল্লাশি চালিয়ে কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে সাত লাখ ইয়াবা পাওয়া যায়। এরপর ইয়াবা ও বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।




