
ভারতে গরুর গোশত খাওয়া এবং অসহিষ্ণুতার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন
যুক্তরাষ্ট্র।
ওই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে মোদি সরকারকে ভারতীয় নাগরিকদের সুনিশ্চিত
করতে বলা হয়েছে ওবামা প্রশাসনের পক্ষ থেকে।
বলা হয়েছে, গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে একের পর এক সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনায়
মার্কিন প্রশাসন উদ্বিগ্ন। ওই সব ঘটনার হাত থেকে ভারতীয় নাগরিকদের বাঁচাতে ভারতের পক্ষে যা
যা করণীয়, মোদি সরকারকে সে ব্যাপারে আরো একটু নজর দিতে অনুরোধ করা হলো।
গরুর গোশত খাওয়ার প্রতিবাদে ভারতে একের পর এক সহিংসতার ঘটনার যে অভিযোগ উঠেছে
আর সম্প্রতি মধ্যপ্রদেশে মহিসের গোশত সঙ্গে রাখার জন্য দুই মুসলিম নারীকে নিগ্রহের যে ঘটনা
ঘটেছে, তা নিয়ে আমেরিকার পক্ষ থেকে পুরোদস্তুর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন,
‘‘ধর্মাচরণ, বাকস্বাধীনতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা (আমেরিকা) সব সময়েই ভারতীয়
নাগরিক ও ভারত সরকারের পাশে আছি। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, ভারতীয়
নাগরিকরা যাতে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করতে পারেন, সেটা সুনিশ্চিত করার জন্য আমরা ভারত
সরকারকে আরো বেশি নজর রাখার অনুরোধ জানাচ্ছি। বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো দেশেই
এমন ঘটনা ঘটলে আমরা সেই দেশের সরকারের কাছে এমন অনুরোধ জানিয়ে থাকি। আমরা
ভারতের কাছেও একই অনুরোধ জানাচ্ছি।’’




