ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ লাফিয়ে বাড়ছে। দেশটিতে প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
এই সময় জানায়, আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন ৪৭৮ জন। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জনে।
এদিকে শনিবার সকালে দ্য হিন্দু’র দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
এদিন স্থানীয় সময় সকাল ৮টার প্রতিবেদন অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯১ জন।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আরও ৬৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯০ জন। এদিন আরও ছয়জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। এখন পর্যন্ত মারা গেছেন তিনজন।




