
তরুণ-তরুণীদের ফ্যাশনে রিপ্ড, ফেডেড জিন্স এখন একটা জায়গা করে নিয়েছে। ভারতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এটা একটা কুল স্টাইল স্টেটমেন্ট। এই স্টাইল স্টেটমেন্ট এবার কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করল ভারতের মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টাইল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে।
কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি নন শিক্ষার্থীরা। বিএমএম-এর এক শিক্ষার্থী বলেন, ‘কেন কলেজ এমন কোনও নিয়ম তৈরি করল? অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি আমি মানতে পারি, কিন্তু এই ধরনের পোশাক ফতোয়ার কোনও যুক্তি নেই।’
সাইকোলজি অনার্সের এক শিক্ষার্থীর মতে এই ধরনের নিয়ম তৈরি করে কলেজ কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপ করছে।
অন্য দিকে, কলেজের অধ্যক্ষ অ্যাঞ্জেলো মেনেজিস জানান, এই ধরনের পোশাক কলেজে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে। কয়েকজন শিক্ষার্থীকে এই পোশাক পরে কলেজ ক্যাম্পাসে দেখার পর তাদের বাড়ি ফিরে যেতে বলে কর্তৃপক্ষ। আমাদের কলেজে আগে থেকেই ছোট ও হাতকাটা পোশাক নিষিদ্ধ ছিল।
ছেঁড়া জিন্স নিষিদ্ধ করার পিছনে সামাজিক কারণ রয়েছে বলে ব্যখ্যা করে তিনি বলেন, ‘এ ধরনের পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে। যাদের কাছে ছেঁড়া পোশাক পরা ছাড়া কোনো উপায় নেই।’




